নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, চলতি মাসের ১৯ থেকে ২০ তারিখের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন।ছহুল হোসাইন বলেন, গত ৩ মে নারায়ণগঞ্জকে সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে আগামী ২ নভেম্বর ১৮০ দিন শেষ হবে। এ সময়ের মধ্যে নির্বাচন করতে হলে এ মাসেই তফসিল ঘোষণা করতে হবে। তবে তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়নি। দু-তিন দিনের মধ্যে সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।