কক্সবাজার শহরসহ আটটি উপজেলায় জামায়াতে ইসলামীর ডাকা তিন দিনের হরতালের আজ রোববার দ্বিতীয় দিন। তবে প্রথম দিনের মতোই আজ হরতালে মাঠে নামেননি জামায়াত-শিবিরের কর্মীরা। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।জেলার কোথাও হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ হয়নি। যেকোনো সহিংস ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। থমথমে অবস্থা বিরাজ করছে কক্সবাজারজুড়ে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলছে।গত শুক্রবার দুপুরে কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের একাধিক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হন। এর প্রতিবাদে জেলা জামায়াত গতকাল শনিবার ও আজ রোববার এ দুদিন কক্সবাজার জেলায় এবং আগামীকাল সোমবার সারা দেশে হরতাল ডেকেছে।