কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনা জিতল বাংলাদেশের মেয়েরা

ভারতে অনুষ্ঠানরত কমনওয়েলথ শ্যুটিংয়ে আজ মঙ্গলবার মেয়েদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। এ ইভেন্টে বাংলাদেশের দুই প্রতিযোগী এসএ গেমসের সোনা জয়ী শারমিন আকতার ও সাদিয়া সুলতানা যথাক্রমে ৩৯৬ ও ৩৯৪ পয়েন্ট স্কোর করেন। দলগতভাবে গড়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৯০।ভারতের প্রিয়া আগারওয়াল ও নেহা সাপতের সমন্বয়ে গঠিত দল সম্মিলিতভাবে ৭৮২ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে রুপা জিতেছে। ব্রোঞ্জ গেছে ইংল্যান্ডের ঘরে। তাঁদের সম্মিলিত সংগ্রহ ৭৮০। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে প্রতিটি দলে দুজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন।