করাচিতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৯

পাকিস্তানের করাচি শহরে গতকাল মঙ্গলবার একটি রাজনৈতিক সমাবেশে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি লোক। নগর পুলিশের প্রধান আখতার গোরচানির বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।মোহাম্মদ আমির নামের একজন পুলিশ কর্মকর্তা জানান, আওয়ামী তেহরিক নামে একটি ছোট আঞ্চলিক দলের সমাবেশে এ হামলা চালানো হয়। সমাবেশে আওয়ামী তেহরিক ছাড়াও শহরের অন্যান্য দলের সদস্যরাও উপস্থিত ছিল। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলসহ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আজ বুধবার সিন্ধু প্রদেশে হরতাল ডেকেছে আওয়ামী তেহরিক।