মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার চারটি আবেদনের তিনটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক আদেশে চারটি আবেদনের মধ্যে তিনটি খারিজ করেন ও একটি গ্রহণ করেন। খারিজ হওয়া আবেদন তিনটি হলো—আসামিপক্ষের আরও ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামির বিরুদ্ধে পল্লবী ও কেরানীগঞ্জ থানায় দুটি মামলার প্রত্যয়িত অনুলিপি ও কমপ্লেইন রেজিস্ট্রারের অনুলিপি সরবরাহ। তবে আসামিপক্ষকে মামলার তদন্ত প্রতিবেদন দেখার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় কাদের মোল্লা ট্রাইব্যুনালে হাজির ছিলেন।২৪ ডিসেম্বর কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম এ আবেদন চারটি করেছিলেন।