জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ ২৮ মে ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার ওই তারিখ ধার্য করেন। এর আগে অভিযোগের বিষয়ে শুনানি শেষ হয়। এ ছাড়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে আজ তৃতীয় দিনের মতো জেরা করেছে আসামি পক্ষ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরীর প্রধান আইনজীবী আহসানুল হক তাঁকে জেরা করেন। এ সময় সাকা চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বেলা দুইটা থেকে আবার জেরা শুরু হবে।