মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী সৈয়দ আবদুল কাইয়ুমকে জেরা করেছে আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁকে জেরা করা হয়। এই সাক্ষীকে জেরা করার মধ্য দিয়ে এই মামলার সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হল। এরপর মামলার তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ করা হবে। এ জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী প্রথম আলো ডটকমকে জানান, এ মামলায় ১০ জন সাধারণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এরপর তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ করা হবে।