কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম নগর ওশে শত শত যুবকের এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১৭ জন নিহত এবং অন্তত ২৫৩ জন আহত হয়েছে। এ কারণে কর্তৃপক্ষ নগরটিতে জরুরি অবস্থা জারি করেছে। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।বিবিসি অনলাইন জানিয়েছে, কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলের ওশ নগরের রাজপথে প্রায় শতাধিক যুবক ক্যাসিনো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে ১৭ জন নিহত এবং ২৫৩ জন গুরুতর আহত হয়। এ কারণে ওশ নগরে দেশটির কর্তৃপক্ষ দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে। এখন সেখানে ট্যাংকও পাঠানো হয়েছে।সাবেক প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের ক্ষমতার ভিত্তি ছিল এই ওশ নগর। গত ৭ এপ্রিল বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের পর প্রেসিডেন্ট বাকিয়েভ ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যান। এখন তিনি পরিবারসহ বেলারুশে অবস্থান করছেন।