জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনে শুনানির জন্য শেষবারের মতো ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়াকে আগামী তারিখে হাজির করবেন বলে তাঁর আইনজীবীরা নিশ্চয়তা দিলে আদালত এ সময় মঞ্জুর করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, তিনটি কারণে এ মামলায় সময়ের আবেদন করা হয়েছে। প্রথমত, খালেদা জিয়া অসুস্থ। দ্বিতীয়ত, সংসদ অধিবেশন চলছে। তাই বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি ব্যস্ত। তৃতীয়ত, এ মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে, তা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ২০০৯ সালের ৫ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। নানা কারণ দেখিয়ে বারবার সময় নেওয়ায় তিন বছরেও অভিযোগ গঠনের বিষয়ে শুনানি সম্ভব হয়নি। এটা রাষ্ট্রপক্ষের জন্য একটি ব্যর্থতা।