গাজীপুরে জাল নোট তৈরির কারখানা আবিষ্কার

গাজীপুর শহরে গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে জাল নোট তৈরির কারখানা আবিষ্কার করেছে টঙ্গী থানার পুলিশ।পুলিশ সেখান থেকে ১০০ ডলারের দুটি জাল নোট ও বাংলাদেশি ৫০০ টাকার ৩৮১টি জাল নোট, লেপটপ, কম্পিউটার, কালিসহ নোট তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন—সালমা, মারুফ, রাজা মিয়া ও ইব্রাহীম। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর শহরের দত্তপাড়ায় সালমা ও মারুফের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল নোট তৈরির সরঞ্জাম, নোটসহ সালমা ও মারুফকে আটক করা হয়। পরে তাঁদের জবানবন্দি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আউচপাড়ায় অভিযান চালিয়ে জাল নোটসহ রাজা মিয়া ও ইব্রাহীমকে আটক করা হয়।