ভারতের গুজরাটের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিততে চলেছে ক্ষমতাসীন বিজেপি। আর এর মাধ্যমে আবার ক্ষমতায় বসতে যাচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, গুজরাট বিধানসভার দ্বিতীয় ও শেষ পর্যায়ের ভোট নেওয়া শেষ হয়েছে। গতকাল রোববার কুচ, উত্তর ও মধ্য গুজরাটের ৯৫টি আসনে ভোট নেওয়ার মাধ্যমে মোট ১৮২টি আসনের ভোটগ্রহণ শেষ হয়। বুথ থেকে বের হওয়া ভোটারদের প্রাথমিক তথ্য নিয়ে সি-ভোটার ও চাণক্য নামের দুটি নির্বাচন জরিপকারী প্রতিষ্ঠানের চালানো জরিপের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন। জরিপকারী প্রতিষ্ঠান সি-ভোটার জানায়, এ নির্বাচনে বিজেপি ১৮২টি আসনের মধ্যে ১২৪টিতে এবং চাণক্যর মতে ১৪০টি আসনে জিততে পারে। কংগ্রেস এখানে ৫৪টি আসনে জিততে পারে বলে তারা জানিয়েছে।