গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতের এ ঘটনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।আহত ব্যক্তিরা জানিয়েছেন, গতকাল রাতে মাঝিগাতী গ্রামে নির্বাচনী প্রচারণায় আসেন বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মুকুলের লোকজন। এ সময় অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোকশেদ খাঁর লোকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ওই বাজারের একটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তরিকুল ইসলাম (১৬), ফরহাদ হোসেন বাবু (৩০), হেলাল কাজী (১৮) ও সরফুদ্দিন মোল্লাকে (৬০) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।