নগরে ডবলমুরিং থানাধীন মিস্ত্রিপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে চোরেরা গ্রিল কেটে একটি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ব্যবসায়ী মো. নুরুচ্ছফার বাসায় এ চুরি সংঘটিত হয়।ওই বাসা থেকে নগদ ৭০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, একটি ভিডিও ক্যামেরা, দুটি ডিজিটাল ক্যামেরা, দুটি মোবাইল ফোনসেটসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, নুরুচ্ছফা ও তাঁর পরিবারের সদস্যরা বিকেল চারটার দিকে বাসায় তালা দিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে তাঁরা দেখতে পান বাসার আলমারি খোলা ও জিনিসপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। জানালার গ্রিল কেটে চোর ঢুকে বলে পুলিশ জানায়। এ প্রসঙ্গে ডবলমুরিং থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রত্নেশ্বর মজুমদার বলেন, বাসার মালিক সাড়ে সাত লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে একটি মামলা করেছেন। এখন এ নিয়ে তদন্ত চলছে।