চাঁদপুরে জেএমবির ৪ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় জেএমবির চারজন সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহির আলী আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এ রায় ঘোষণা করেন। শাস্তি পাওয়া চারজন হলেন—আবুল কালাম প্রকাশ ওরফে রাশেদ, শামীম হোসেন গালীব, সোহরাব হোসেন বিল্লাল ও রহমত উল্লা। ওই বছরের ১৭ আগস্ট ও ৩ অক্টোবর এঁদের বিরুদ্ধে সিরিজ বোমা হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে ছয়টি মামলা করা হয়।আজ আদালত এ ছয়টি মামলারই রায় ঘোষণা করেন। এতে ১২ জন আসামির মধ্যে তিনটি মামলায় ওই চারজনকে এ শাস্তি দিয়ে বাকিদের খালাস দেওয়া হয়।