কচুয়ায় সহকারী ভূমি কমিশনারের (এসিল্যান্ড) ওপর হামলার ঘটনায় গত সোমবার রাতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শিশির (২০) ও পৌর যুবলীগের কর্মী নাসিরউল্লা (২৮)। এদিকে কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় নিন্দা জানিয়ে সকাল থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতীকী কর্মবিরতি চলছে।গতকাল সোমবার সন্ধ্যায় সরকারি জায়গায় পাকাঘর নির্মাণ করার কাজে বাধা দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা চাঁদপুরের কচুয়া উপজেলার এসিল্যান্ড মো. মোস্তাফিজুর রহমানকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁর অফিসের একটি কম্পিউটারসহ প্রয়োজনীয় ফাইলপত্র তছনছ করা হয়। ওই দিন রাতেই এসিল্যান্ড কচুয়া থানায় ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য আরও কিছু মামলার তালিকাভুক্ত আসামি।