স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি জঙ্গিদের অর্থায়ন করছে, তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।শামসুল হক টুকু অভিযোগ করেছেন, জঙ্গিবাদসহ যেকোনো ধরনের হামলা, হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ জোট সরকারের আমলে যতগুলো হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় হয়েছিল। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে কখনোই মদদ দেবে না বলে তিনি দাবি করেন। তিনি বলেন, অতীতের সরকার জঙ্গিবাদ সৃষ্টি করে গেছে। আর বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদে জড়িতদের গ্রেপ্তার ও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নামে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দলের নামে যারা আইনশৃঙ্খলা ও শান্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।সরকার এ ব্যাপারে কাউকেই ছাড় দেবে না বলে তিনি মন্তব্য করেন।