মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষ এই আবেদন জানায়। বিকেল সাড়ে তিনটার দিকে বিচারপতি এ টি এম ফজলে কবির, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারক মোহাম্মদ শাহিনুর ইসলাম এই নবগঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী জানান, সুষ্ঠু ও নির্বিঘ্ন তদন্তের জন্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা দরকার। পরে ট্রাইব্যুনাল এক আদেশে বলেন, আগামী ২ এপ্রিলের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। ওই দিন এই আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল বিবেচনা করবেন।আজই ট্রাইব্যুনাল-২-এর কাজ শুরু হলো। ২২ মার্চ এই ট্রাইব্যুনালের চালুর প্রজ্ঞাপন জারি করা হয়।