জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০

পূর্ব জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত এবং ৩৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাতে জার্মানির ম্যাগডেবার্গ শহরের কাছে স্যাক্সঅনি আনহালট অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীবাহী হার্জএলবি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী, উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধারের তত্পরতা চলছে। যাত্রীবাহী ট্রেনটিতে ১০০ যাত্রীর বসার ব্যবস্থা ছিল। তবে দুর্ঘটনার সময় ওই ট্রেনে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানানো হয়েছে।—বিবিসি।