চট্টগ্রাম নগরের চান্দগাঁও অনন্যা আবাসিক এলাকায় একটি ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কালুরঘাট থেকে বালু বোঝাই করে নগরের অক্সিজেন এলাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন মো. হারুন (৪০) ও সোবাহান মিয়া (৪২)। হারুনের বাড়ি কুমিল্লা ও সোবাহানের বাড়ি পিরোজপুরে। চান্দগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, রাতে বালুবোঝাই ট্রাকটি খাদে পড়ে গেলে ট্রাকের পেছনে থাকা দুই শ্রমিক বালু ও ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।