এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ—সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুন।ফুটপাত তুমি কার?ঢাকা শহরের রাস্তার সৌন্দর্য এর দুই পাশের ফুটপাত। যানজটের নগরে হেঁটে পথ চলতে ফুটপাতের কোনো বিকল্প নেই। এর ব্যবহারে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও কম থাকে। ফুটপাত ছেড়ে প্রধান সড়কে নেমে হাঁটলে দ্রুতগামী যানের ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া যানজটে আটকে পড়ে সময় নষ্ট করার চেয়ে হাঁটাই ভালো। ঢাকা শহরের অধিকাংশ ফুটপাত বেদখল ও বেহাল হয়ে আছে। বিভিন্ন ধরনের স্থায়ী ও অস্থায়ী দোকান, হকার, গাড়ি রাখার স্থান, ছিন্নমূল, ডাস্টবিন, রিকশা ও ভ্যানের গ্যারেজে পরিণত হয়েছে ফুটপাত। তাই মনে প্রশ্ন জাগে, ‘ফুটপাত তুমি কার?’ পত্রিকার চিঠিপত্র কলামে ফুটপাত নিয়ে অভিযোগের শেষ নেই। খোলা ম্যানহোলের ঢাকনা লাগানোর অনুরোধ, বেদখল ফুটপাত দখলমুক্ত করার অনুরোধ করেই চলছে সাধারণ মানুষ। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষের তেমন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।তাই আমার অনুরোধ, রাজপথের সৌন্দর্য ফিরিয়ে দিতে এবং ফুটপাত চলাচলের উপযোগী করতে কর্তৃপক্ষ লক্ষণীয় পদক্ষেপ গ্রহণ করুক।মো. নুর আলমশিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি তিতুমীর কলেজnur.alam_22@yahoo.comবাস কাউন্টারে দালাল!নগরের বৃহত্তম বাস টার্মিনাল গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল। অথচ এখানে যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। অনেক সময় দেখা গেছে, কাউন্টারের লোকেরা যাত্রী পাওয়ার জন্য রাস্তায় এসে যাত্রীদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে কাউন্টারে নিয়ে যায়। সেখানে নিয়ে ভাড়া ঠিক করার পর এবং টিকিট লেখার পর টাকা দেওয়া হলে তারা টাকা বেশি রাখে। যে টাকা ঠিক করা হয়, এর চেয়ে অনেক বেশি। তারপর প্রশ্ন করা হলে তারা বলে, ‘ইচ্ছা হলে যা, নইলে ভাগ বেটা এখান থেকে।’ অনেক সময় দেখা যায়, তারা কয়েকজন জড়ো হয়ে যাত্রীদের মারধর করে। এটাই কি তাদের মানুষের সেবা? আর যে গাড়ির টিকিট কাটা হয়, সে গাড়িতে না তুলে নরমাল গাড়িতে তুলে দেওয়া হয়। অনেক সময় ঢাকায় অনেক নতুন যাত্রী আসেন, তাঁরা কোনো হাবভাব বোঝেন না। তখন দালালেরা তাঁদের ব্যাগ, ব্রিফকেস ছিনিয়ে নেয়। এখানে অনেক দায়িত্বরত পুলিশ থাকে, কিন্তু তারা এর কোনো সুব্যবস্থা নেয় না। তারা শুধু অবলোকন করে। তাই কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এর জন্য একটি সুব্যবস্থা নেওয়া হোক।মো. আবু সাঈদশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ।