ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার ওপর আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত ওই দিন বিষয়টির ওপর শুনানির দিন ধার্য করেছেন। বিচারপতি এ এইচ শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। শুনানির পাশাপাশি জনসংখ্যার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করে তফসিল ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে এলজিআরডি সচিব, আইন সচিব, ঢাকার জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত। পল্লবী থানার ভোটার সাজ্জাদ হোসেনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আমীর-উল ইসলাম ও নির্বাচন কমিশনের পক্ষে শাহদীন মালিক মামলা পরিচালনা করেন।