ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আগামী আগস্ট মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ রহমত আলীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এ তথ্য জানান। দুপুর পৌনে ১২টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। একই প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী আরও জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ-পূর্ব কাজ চলছে। এ জন্য ৬ দশমিক ৮৭৭ একর ভূমি অধিগ্রহণের টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যক্তিমালিকানাধীন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকা থেকে আপত্তি উত্থাপিত হয়েছে। এ জন্য ২০১২ সালের ১৭ মে ঘনবসতিপূর্ণ এলাকা যথাসম্ভব পরিহার করতে নকশা সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে আগামী আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যায়। সরকারদলীয় সাংসদ এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিরোধী দলের সহিংসতার কারণে রেলওয়ের ২৪ কোটি ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ৬৭টি মামলা করা হয়েছে। মামলায় ২১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, এ বছর বিএনপি-জামায়াতের হরতাল ও হরতাল-পূর্ব তাণ্ডবে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া মহাসড়কে কেটে ফেলা ও সমূলে তুলে ফেলা গাছের সংখ্যা ৭০২ এবং এর আনুমানিক দাম ৩১ লাখ ২৬ হাজার টাকা।