কুমিল্লায় দাউদকান্দি উপজেলার দৌলতপুরে মতলবগামী একটি ট্রাকে ডাকাতি শেষে পালানোর সময় পাঁচ ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-মতলব সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। আটক ডাকাতেরা হলেন—সুমন (২২), শরীফ (২৩), শাহপরান (২৪), মহসিন (২৫) ও সানি (২১)।গ্রামবাসী সূত্রে জানা গেছে, আজ ভোর চারটার দিকে একদল ডাকাত ঢাকা-মতলব সড়কের ওই স্থানে একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে। তারা ট্রাকের চালক ও সহকারীকে পিটিয়ে ১৭ হাজার টাকা ও দুটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ওই সময় চালক ও তাঁর সহকারীর চিত্কারে গ্রামবাসী ছুটে এসে ডাকাতদের ঘিরে ফেলে এবং পাঁচ ডাকাতকে আটক করে দাউদকান্দি থানায় সোপর্দ করে।দৌলতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মালেক বলেন, এ সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতির ঘটনা ঘটছে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে জীবনবাজি রেখে ডাকাতদের ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। যদি তারা এ মুহূর্তে ধরা না পড়ত তাহলে ঈদকে সামনে রেখে তারা আরও ডাকাতির ঘটনা ঘটাত।দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার প্রস্তুতি চলছে।