বিডিআর বিদ্রোহের ঘটনায় আজ রোববার সকালে ঢাকা সেক্টরের অভিযুক্ত সদস্যদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়েছে। কাল সোমবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। এ মামলায় মোট ৮৬ জন অভিযুক্ত। এর মধ্যে ৮৪ জনকে আদালতে হাজির করা হয়। বাকি দুইজন পলাতক।বিডিআরের সদর দপ্তর পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-১১-এ আজ সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারউদ্দিন মাহমুদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আদালতের সদস্য লে. কর্নেল সাহাদাত হোসেন, মেজর এ কে এম আলমগীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।