আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

তদন্তকাজে সহযোগিতায় পুলিশ সদস্য নিয়োগের সিদ্ধান্ত

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তকাজে সহযোগিতার জন্য পুলিশ সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।আজ রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার কাজে সমন্বয়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামী ২৬ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারে আশাব্যঞ্জক ফলাফল দেখা যাবে। তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেলের প্রস্তাব অনুযায়ী এ সপ্তাহে তদন্তে সহযোগিতার জন্য ৩০ জন পুলিশ সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১০ জন পরিদর্শক, ১০ জন উপপরিদর্শক ও ১০ জন কনস্টেবল থাকবেন।সভায় সভাপতিত্ব করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।