বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন প্রতি ৪৮ ঘণ্টা পর আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম মো. মনিরুজ্জামান আজ বৃহস্পতিবার বনানী থানা-পুলিশকে এ নির্দেশ দেন।ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদী গতকাল বুধবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্ত কর্মকর্তা ঘটনাটি তদন্তের বিষয়ে আদালতে আবেদন করলে আদালত এ আদেশ দেন।রাজধানীর বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক মো. আনসার। মঙ্গলবার মধ্যরাতে কে বা কারা তাঁদের ধরে নিয়ে যায়। রাত একটার দিকে বনানীর ২ নম্বর সড়ক থেকে তাঁর গাড়িটি উদ্ধার করে পুলিশ।