রাজধানীর তুরাগ নদের পাড়ে একটি হাউজিংয়ের জমির বালু খুঁড়ে গতকাল মঙ্গলবার উদ্ধার করা তিনটি লাশের পরিচয় মিলেছে। নিহতদের স্বজনেরা তাঁদের লাশ শনাক্ত করেন। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে। এই তিনজন হলেন মিজানুর রহমান (৩২), নাজমুল হক মুরাদ (২৮) ও ফোরকান (১৮)। পুলিশ জানায়, মিজানুরের বাড়ি ঝালকাঠির নৈকাঠি এলাকায়। তিনি সেখানে সড়ক ও জনপদের একজন ঠিকাদার। নাজমুলের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে। তিনি সড়ক ও জনপদের ঠিকাদার ছিলেন। আর ফোরকান ঢাকার মহাখালীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালাতেন। তাঁর বাড়ি ঝালকাঠির রাজাপুরের বদরপুরে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান শনাক্তকরণের সত্যতা নিশ্চিত করেছেন।