বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরান সরকারের সঙ্গে আলোচনা করতে তেহরানে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (আইএইএ)। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এ খবর প্রকাশ করেছে। আইএইএয়ের উপপরিচালক হারমান ন্যাকার্টস প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গতকাল বৃহস্পতিবার ভিয়েনায় এক নির্বাহী সভায় সংস্থাটির প্রধান ইউকিয়া আমানো সাংবাদিকদের এ কথা বলেন। আমানো বলেন, কবে আলোচনা শুরু হবে, তা এখনো নির্ধারণ করা না হলেও দেরি করা ঠিক হবে না। তিনি আরও বলেন, এ আলোচনা কেবল আন্তর্জাতিক উদ্বেগ কমাতেই নয়, ইরানের স্বার্থেও প্রয়োজন।সভার উদ্বোধনী বক্তৃতায় আমানো বলেন, ইরানের উচিত আর দেরি না করে আইএইএয়ের এ প্রক্রিয়ায় অংশ নিয়ে সব তথ্য দিয়ে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করা।