তৌহিদ হোসেন দ. আফ্রিকার হাইকমিশনার

সরকার সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনকে দক্ষিণ আফ্রিকায় দেশের পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।মো. তৌহিদ হোসেন ২০০৬ সালের থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন।পেশাদার কূটনীতিক মো. তৌহিদ হোসেন বিসিএস-৮১ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ হাইকমিশন দিল্লি ও কলকাতায় দায়িত্ব পালন করেছেন।তৌহিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর (প্রথম শ্রেণীতে প্রথম) ডিগ্রি লাভের পর প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।