থুতু ফেললে বা প্রস্রাব করলে জরিমানা

পথচারী সাবধান! রাস্তায় থুতু ফেললে বা প্রস্রাব করলে খাড়ার ওপর ৮০ পাউন্ড জরিমানা। এমন ঘোষণা দিয়েছে উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথাম ফরেস্ট কাউন্সিল। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয।ওয়ালথাম ফরেস্টের কাউন্সিলর ক্লাইড লোকস বলেন, কাউন্সিল এলাকায় বসবাসরত বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এ দুই ধরনের অসামাজিক ও পরিবেশের জন্য ক্ষতিকর কাজ নিয়ন্ত্রণ করা জরুরি। এ কারণে আমরা প্রকাশ্যে প্রস্রাব করা ও থুতু ফেলাকে বর্জ্য হিসেবে বিবেচনা করছি। এ ধরনের কাজ শক্তভাবে ঠেকাতে জরিমানার সিদ্ধান্ত নিয়েছি।’যুক্তরাজ্যে এই প্রথম কোনো কাউন্সিলের পক্ষ থেকে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। তবে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাঁরাই প্রথম সরাসরি শাস্তির ব্যবস্থা নিয়েছেন কি না— তা স্থানীয় সরকার কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।