দেশের শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ কর্মসূচি শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজও দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলতে থাকলে বেশ কিছু বিনিয়োগকারী ডিএসইর সামনে জড়ো হন। তাঁরা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে অর্থমন্ত্রী, এসইসির চেয়ারম্যান ও ডিএসই সভাপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এ দিকে বিক্ষোভ চলাকালে ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।