সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দুই মহিলা বাংলাদেশকে পেছনে ঠেলে দিয়েছে। নির্বাচন হয় শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। গণতন্ত্র এখন সোনার হরিণ।’ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক আমাদের প্রতিদিন’-এর প্রকাশনা ও উদ্বোধনী অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।এরশাদ বিএনপি ও আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, দুই দল চলে গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচন হবে কি না, তা অনিশ্চিত। পত্রিকাটির সম্পাদক সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে এরশাদ বলেন, ‘ঈদের পর হরতাল, জ্বালাও-পোড়াও ও সংঘাতের রাজনীতি শুরু হতে পারে। দেশের মানুষ হিংসা হানাহানি দেখতে চায় না, চায় শান্তি। তাই মানুষ এখন তৃতীয় শক্তি খুঁজছে।’ সন্ত্রাসের রাজনীতি বন্ধ না হওয়ায় দেশ পিছিয়ে যাচ্ছে—মন্তব্য করে এরশাদ বলেন, ‘আমার গড়া উপজেলা-পদ্ধতি চালু থাকলে ঢাকার ওপর এত চাপ পড়ত না। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা না হলে দেশের জনগণ সুশাসনের সুফল পাবে না।’