বিডিআর বিদ্রোহের মামলায় নওগাঁর ৪৬ রাইফেল ব্যাটালিয়নের ১১ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁ সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-এ রায় ঘোষণা করেন। আদালতের সভাপতি বিজিবির রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।আদালত সেপাই কামাল হোসেনকে ছয় মাস; ল্যান্স নায়েক ফকির ইসাহাক, সেপাই হারুন-অর-রশিদ, সেপাই হূদয় আহমেদ ও সেপাই জাকারিয়াকে এক বছর; সেপাই নজরুল ইসলামকে দেড় বছর; সেপাই কামরুল ইসলামকে দুই বছর; নায়েক সুবেদার হারুনর রশিদ ও সেপাই শাকিন শাহকে তিন বছর; সুবেদার শাহজালালকে চার বছর এবং সেপাই আলমগীর হোসেনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে এ ১১ জনের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।