নোয়াখালীতে সাজার রায় শুনে বিচারকের এজলাস লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন আলাউদ্দিন (২২) নামে এক আসামি। আজ সোমবার তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের একটি অস্ত্র মামলার রায়ে আজ সকালে আলাউদ্দিনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেন তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। রায় শুনে আলাউদ্দিন কাঠগড়া থেকে নামার সময় বিচারকের এজলাস লক্ষ্য করে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন। এ সময় পুলিশ তাঁকে থামাতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিচারক কাজী আবদুল হান্নান আসামির অসৌজন্যমূলক আচরণের সত্যতা নিশ্চিত করেছেন। আলাউদ্দিন হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের চরআমানউল্লাপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।