পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া সোনাহার এলাকায় আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া সোনাহার এলাকায় অবৈধভাবে সাইকেলের হাট বসানো হয়। এ নিয়ে ডাঙ্গাপাড়া সোনাহার এলাকার লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়ার হাটের ইজারাদারদের মধ্যে আজ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সম্ভাব্য সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিক সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন। বনমালী ভৌমিক ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।