পাকিস্তানে আত্মঘাতী হামলায় মন্ত্রীসহ নিহত ৮

পাকিস্তানের পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক মন্ত্রী বশির আহমেদ বিলৌরসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেশোয়ারের ব্যস্ততম কিসসা কাহানি বাজারের পাশে ঢাকি নালবান্দি এলাকায় এ বোমা হামলা হয়। এতে বিলৌরের ব্যক্তিগত সচিব ও একজন পুলিশ কর্মকর্তাও নিহত হন।‘দ্য ডন’-এর খবরে বলা হয়, কোমর ও বুকে মারাত্মক আঘাত পাওয়া বিলৌরকে হাসপাতালে অস্ত্রোপচারের কিছুক্ষণ পর তিনি মারা যান। বিলৌর ও তাঁর দলের কর্মীরা বৈঠক করার জন্য সমবেত হলে তাঁদের ওপর হামলা চালানো হয়। আজকের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র এহসানুল্লাহ এহসান হামলায় বিলৌরের নিহত হওয়ার কথা স্বীকার করেন।