পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আবদুল হামিদ ওরফে থসা হামিদ (৩২) নামের একব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নেতা ছিলেন। গতকাল বুধবার রাতে এ বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, গতকাল রাত সোয়া ১২টার দিকে পুলিশের একটি টহল দল ওই বিলের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে ১০-১৫ মিনিট গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হামিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি ও আটটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।হাবিবুল ইসলাম আরও বলেন, হামিদ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) কাকিলাখালীর প্রধান নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ ডাকাতি ও দ্রুত বিচার আইনের আরও চারটি মামলা রয়েছে।