পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি করায় আলামিন নামের এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেন। আলামিন ওই উপজেলার হোগলাবুনিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তোফায়েল হোসেন জানান, আলামিন জিয়ানগরের পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। গতকাল তাকে এক বছরের সাজা দেওয়া হয়।জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, আলামিনকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।