পৌরসভা নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি

নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুসারে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন বিভাগগুলোতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ১২ জানুয়ারি রংপুর ও রাজশাহী, ১৩ জানুয়ারি খুলনা ও বরিশাল, ১৭ জানুয়ারি ঢাকা এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট বিভাগগুলোর সংশ্লিষ্ট পৌরসভা এলাকাধীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা- স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাসস।