ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার ছেলেকে গুম করে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমিও শেখ হাসিনা ও তাঁর সরকারকে সতর্ক করে দিলাম। আল্লাহর কাছে আমি বলি, আমার ছেলেকে শেখ হাসিনা গুম করেছে। আল্লাহ, তুমি শেখ হাসিনার ছেলেকে গুম করো।’ আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে মুফতি ফজলুল হক আমিনী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এমন কথা বলেন।আমিনী জানান, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি আগামী ২৭ মে ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি পালন করবে। এ ছাড়া তারা আগামী ৬ মে থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন তারিখে খুলনা, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে সমাবেশ করবে।আমিনী বলেন, কোরআন রক্ষার জন্য দুজন শহীদ হয়েছেন। আরও দুই লাখ শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন।