রাজশাহীর বাগমারার সাজুড়িয়া গ্রামে আজ শনিবার একখণ্ড বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তাহের আলী আজ সকালে সাজুড়িয়া গ্রামে একখণ্ড বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করেন। বিষয়টি জানার পর প্রতিপক্ষ সাইফুল ইসলাম তাঁর লোকজন নিয়ে দুপুরে বাড়িটি ভেঙে ফেলেন। এতে তাহের ও তাঁর লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষ লাঠি, হাঁসুয়া, রড নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ২০ জন আহত হয়। এ সময় তাহেরের বাড়িঘরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তাহেরপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।