রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ সোমবার সন্ধ্যায় বাসের চাপায় রফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে সোনালী ব্যাংকের সদরঘাট করপোরেট শাখার উপ-হিসাবরক্ষক রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ীর সড়ক ও জনপদ (সওজ) মোড় পার হচ্ছিলেন। এ সময় দাউদকান্দি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে তিনি আহত হন। এক পুলিশ সদস্য তাঁকে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। রফিকুল সপরিবারের রায়েরবাগে থাকতেন।