বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে আজ বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: বিভীষণ গ্রামের মোহাম্মদ মাসুদ (২২) ও জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর-সাহাপাড়া গ্রামের শহীদুল ইসলাম (২৩)। ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর শরীফ মাহমুদ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোর পাঁচটার দিকে দুই বাংলাদেশি বিভীষণ সীমান্তের মেইন পিলার ৪৮-এর ৮ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান। এ সময় টহলরত বিএসএফের সদস্যরা দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁদের মৃত্যু হয়। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে বলা হয়েছে।