ইয়েমেনে ক্ষমতাসীন দলের সাবেক কয়েকজন সদস্য দেশের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে একটি নতুন দল গঠন করেছে। নতুন দলে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সরকারের সাবেক তিন মন্ত্রীও আছেন। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।নব গঠিত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লক দলে সালেহ সরকারের সাবেক পর্যটন, মানবাধিকার ও পরিবহনমন্ত্রী যোগ দিয়েছেন। নব গঠিত দলটি সরকারবিরোধীদের ওপর সালেহ সরকারের নির্যাতন-নিপীড়নের তীব্র বিরোধিতা করেছে। তারা প্রেসিডেন্ট সালেহের ৩২ বছরের শাসনেরও অবসান দাবি করেছে। দলটির নেতা মোহাম্মদ আবু লাউম আজ মঙ্গলবার বলেন, ‘আমরা এ যুব বিপ্লবকে সমর্থন করি। আমরা এর সঙ্গে আছি।’এদিকে গতকাল সোমবারও দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৮৮ ব্যক্তি আহত হয় বলে জানা গেছে।