ঢাকায় মঞ্চস্থ হবে ভারতের পশ্চিমবঙ্গের নাটকের দল অন্য থিয়েটারের নাটক হ্যামলেট। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাস চক্রবর্তী। পদাতিক নাট্য সংসদ (টিএসসি) আয়োজন করছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১২’। জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত এই উৎসবে ৫ এপ্রিল হ্যামলেট নাটকের দুটি প্রদর্শনী হবে। প্রথমটি বিকেল চারটায়, অন্যটি সন্ধ্যা সাতটায়। অন্য থিয়েটারের প্রধান ও নাটকটির নির্দেশক বিভাস চক্রবর্তী কলকাতা থেকে নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘দুই বাংলার অন্যতম মিলনমাধ্যম এ থিয়েটার। আমরা এর আগেও বাংলাদেশে নাটক মঞ্চস্থ করেছি। এবার শেক্সপিয়রের হ্যামলেট নাটকটি ঢাকায় মঞ্চস্থ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আশা করছি, কলকাতার পর ঢাকার দর্শকও নাটকটি পছন্দ করবে।’ ৪ এপ্রিল শুরু হচ্ছে ছয় দিনের এ নাট্যোৎসব।