বিষাদে বিদায়

তাদের নিয়তি যেন এটাই। দক্ষিণ আফ্রিকার বিদায়টাই হবে বিষাদমাখা। ইতিহাসের পাতায় তাকিয়ে দেখুন। একের পর এক নাটক করেই বিদায় নিয়েছে তারা বিশ্বকাপ থেকে। নির্বাসন থেকে প্রথম বিশ্বকাপে খেলতে এসেছিল ১৯৯২-এ। সেবার অদ্ভুতুড়ে বৃষ্টি-আইনের ফাঁদে পড়ে বিদায় সেমিফাইনাল থেকে। ১৯৯৬-এ কোয়ার্টার ফাইনালে উঠে আসা একমাত্র অপরাজিত দল ছিল তারাই। ক্ষয়িষ্ণু ওয়েস্ট ইন্ডিজ সেদিন লারার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বিদায় করে দিল ক্রনিয়ের দলকে। ১৯৯৯ বিশ্বকাপে সেই বহুল আলোচিত রানআউট। ২০০৩ বিশ্বকাপে আবারও বৃষ্টি, ডাকওয়ার্থ-লুইসের হিসাবের গরমিল। কেবল গতবারই তাদের বিদায় হলো নাটক ছাড়া। কিন্তু পরশু আবারও নাটকীয় পতন হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।