ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বর জেলার মান্নার উপসাগরে গতকাল রোববার একটি নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক আছে। এখনো নিখোঁজ রয়েছে চারজন। উপকূল রক্ষী বাহিনী, নৌবাহিনী ও তামিলনাড়ু পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।তামিলনাড়ুর মেরিন পুলিশের ডিএসপি থিরাগারাজন সাংবাদিকদের বলেন, গতকাল ছুটির দিনে পর্যটকসহ প্রায় ৪০ জন দুটি নৌকায় করে রামেশ্বর ও তুতিকোরিনের মাঝে অবস্থিত মুল্লিথিবু দ্বীপে বনভোজনে যাচ্ছিল। পথে সমুদ্রে একটি নৌকা ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। একেকটি নৌকার ধারণক্ষমতা ছিল মাত্র সাতজন। কিন্তু দুই নৌকায় প্রায় ২০ জন করে ৪০ জন উঠেছিল।