গাইবান্ধার শীর্ষস্থানীয় কলেজগুলো এবারের এইচএসসি পরীক্ষায় ভালো ফলের ধারাবাহিকতা বজায় রেখেছে। জেলার অন্যতম তিনটি কলেজের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষার্থীর সংখ্যানুপাতে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে জেলার মধ্যে শীর্ষ স্থান লাভ করেছে। এ ছাড়া এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে কলেজটি অষ্টম ও জেলায় সেরা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে। এই কলেজ থেকে মোট ৬৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন। এর মধ্যে বিজ্ঞানে ৫১ জন, মানবিকে একজন ও ব্যবসায় শিক্ষায় ১০ জন। পাসের হার ৮৩ দশমিক ১৬ ভাগ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩৪ জন ও পাসের হার ছিল ৭৮ ভাগ। আহম্মদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল ও কলেজ থেকে ১৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ১৪৯ জন। পাসের হার ৯৩ দশমিক ১২ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন আটজন। এর মধ্যে বিজ্ঞানে চারজন, মানবিকে তিনজন ও ব্যবসায় শিক্ষায় একজন। এ ছাড়া কলেজটি এবার জেলার সেরা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৬ জন ও পাসের হার ছিল ৯৪ দশমিক ২৯ ভাগ। গাইবান্ধা সরকারি মহিলা কলেজ থেকে ৩১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ২৩৫ জন। পাসের হার ৭৪ দশমিক ৮৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন চারজন। এর মধ্যে বিজ্ঞানে দুজন, মানবিকে একজন ও ব্যবসায় শিক্ষায় একজন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন আটজন ও পাসের হার ছিল ৭৭ ভাগ।