মাওবাদী নেতা আজাদ হত্যাকাণ্ড সম্পর্কে লালগড়ে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বক্তব্য সরকারি নীতিবিরোধী নয় বলে আখ্যায়িত করেছে ভারত সরকার। রাজনৈতিক পরিমণ্ডলে মমতার বক্তব্য ব্যাপক সমালোচিত হওয়ার পর আজ মঙ্গলবার সংসদবিষয়ক-মন্ত্রী পবন কুমার বানশাল রাজ্যসভায় এ বিবৃতি দেন।এক সংক্ষিপ্ত বিবৃতিতে বানশাল বলেন, তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ৯ আগস্ট লালগড়ে শোভাযাত্রা অংশ নেন। তাঁর বক্তব্য সরকারি নীতিবিরোধী ছিল না। তিনি বলেন, তাঁর বক্তব্য ছিল সহিংসতার বিরুদ্ধে। ভারত সরকারের নীতিও সহিংসতা-বিরোধী।মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল নির্ভুল—অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের এমন মন্তব্য সম্পর্কে বিরোধী দলগুলোর অব্যাহত সমালোচনার মধ্যে বানশাল এ বিবৃতি দেন। পিটিআই