প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানের ব্যাপারে সরকারের অবস্থান আগের মতোই আছে। বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের যে সমঝোতা, তার কোনো ব্যত্যয় হয়নি, হবেও না।আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত এ কথা বলেন। মসিউর রহমান ছুটি শেষে কাজে যোগদান করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আজ বিকেলে এ বিষয়ে লিখিত বিবৃতি দেওয়া হবে। পদ্মা সেতু প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নিয়ে সমস্যার সমাধান হয়ে গেছে। প্রকল্পের কাজ দ্রুত কার্যকর করা এখন সময়ের ব্যাপার।’ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ মাসেই ঢাকা আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আসার আগেই কাজ শুরু হয়ে যাবে বলে মন্ত্রী মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে কতগুলো পদক্ষেপ আমরা আগেই নিয়েছি। দু-একটি পদক্ষেপ বাকি ছিল, সেগুলোও নেওয়া হয়েছে। সেতু প্রকল্প বাস্তবায়নে আর কোনো জটিলতা নেই।’ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সদ্যবিদায়ী সচিব ইকবাল মাহমুদও এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মসিউর রহমানের বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে মসিউর রহমানের ছুটি ও কাজে যোগদানের বিষয়ে মন্ত্রী ও সচিব স্পষ্ট করে কিছু বলেননি। বিকেলের লিখিত বিবৃতিতে এ ব্যাপারে জানানো হতে পারে বলে আশা করা হচ্ছে।